ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

এনসিপিসহ নতুন ২২ দলকে মাঠপর্যায়ের তদন্তে পাঠিয়েছে ইসি

প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ নতুন রাজনৈতিক দল নিবন্ধনপ্রত্যাশী ২২টি দলকে মাঠপর্যায়ের তদন্তে পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩১ আগস্টের মধ্যে এ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার (২৫ আগস্ট) ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক পত্রে এ নির্দেশনা পাঠানো হয়।


পত্রে বলা হয়, নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচিত ২২টি দলের জেলা ও উপজেলা পর্যায়ের দপ্তরের অস্তিত্ব ও কার্যকারিতা সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন আগামী ৩১ আগস্টের মধ্যে কমিশনে পাঠাতে হবে।


জেলা পর্যায়ে দায়িত্ব পালন করবেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা বা অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা। তারা নির্ধারিত চেকলিস্ট পূরণ করে প্রয়োজনীয় সব কাগজপত্র পৃষ্ঠাসংখ্যাসহ সিলগালা করে বিশেষ খামে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে পাঠাবেন।


পরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা রাজনৈতিক দলভিত্তিকভাবে খামগুলো একত্রিত করে গোপনীয়ভাবে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠাবেন। একইভাবে উপজেলা পর্যায়ের তদন্ত কার্যক্রম সম্পাদন করবেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তারা এবং জেলা পর্যায়ে তা পাঠাবেন।জেলা নির্বাচন কর্মকর্তারা উপজেলা থেকে পাওয়া খামগুলো রাজনৈতিক দলভিত্তিকভাবে একত্রিত করে বিশেষ খামে সিলগালা করে কমিশন সচিবালয়ে পাঠাবেন।


ইসি কর্মকর্তারা জানিয়েছেন, মাঠপর্যায়ের এ তদন্ত প্রতিবেদন পাওয়ার পর নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া পরবর্তী ধাপে অগ্রসর হবে। নিবন্ধনপ্রত্যাশী ১৪৩টি দলের মধ্যে ২২টি দল প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে।


নির্বাচিত দলগুলো হলো— ফরোয়ার্ড পার্টি, আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি), বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, জাতীয় জনতা পার্টি, জনতার দল, জনতা পার্টি বাংলাদেশ, বাংলাদেশ আম জনগণ পার্টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জাতীয় লীগ, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)–সিপিবি (এম), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ–শাহজাহান সিরাজ), জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ বেকার সমাজ (বাবেস), বাংলাদেশ সলিউশন পার্টি এবং নতুন বাংলাদেশ পার্টি।


আইন অনুযায়ী, নিবন্ধন পেতে হলে কোনো রাজনৈতিক দলের একটি কেন্দ্রীয় কমিটি, অন্তত এক-তৃতীয়াংশ জেলা কমিটি, কমপক্ষে ১০০টি উপজেলা কমিটি থাকতে হবে। প্রতিটি কমিটিতে ন্যূনতম ২০০ ভোটারের সমর্থনের প্রমাণও আবশ্যক। এছাড়া পূর্বে সংসদ সদস্য থাকা বা কোনো নির্বাচনে পাঁচ শতাংশ ভোট পাওয়াও নিবন্ধনের যোগ্যতার অন্তর্ভুক্ত।

ads
ads
ads

Our Facebook Page

↑